আওয়ামী লীগ ও বর্তমান সরকারের দুর্নীতি খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরসহ অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের আমলে সংঘটিত সম্ভাব্য দুর্নীতির বিষয় খতিয়ে দেখবে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কমিটির প্রথম বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারি অর্থ ব্যবহারে কোথাও অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

তিনি বলেন, কমিটির পক্ষ থেকে সরকারের কাছে যেসব সুপারিশ পাঠানো হবে, সেগুলো বাস্তবায়নে সরকার বাধ্য। গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত আটটি আপত্তি নিয়েও আলোচনা হয়েছে। কমিটির সভাপতি জানান, বিষয়গুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে একজন সংসদ সদস্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, গঠিত কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো আরও পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

সরকারি অর্থের ব্যবহার, বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করাকে কমিটির অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন ডা. তাহের। দুর্নীতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।