গোপনে রাশিয়াকে ড্রোন তৈরির কাঁচামাল দিয়েছে চীন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার জন্য শত শত কামিকাজি ড্রোন তৈরিতে ব্যবহৃত কার্বন ফাইবারের কাঁচামাল চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সরবরাহ করেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও পলিটিকোর যৌথ অনুসন্ধান। রাশিয়ার অভ্যন্তরীণ নথি, শিপিং ও কাস্টমস তথ্য পর্যালোচনা করে তারা এ তথ্য পেয়েছে বলে জানিয়েছে।

নথি অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে চীনের রাষ্ট্রায়ত্ত জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের একটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় ৪৬ টন কার্বন ফাইবার তৈরির কাঁচামাল পাঠায়। অভিযোগ রয়েছে, চালানটির প্রকৃত পরিচয় আড়াল করতে সাধারণ সিনথেটিক ফাইবারের কাস্টমস কোড ব্যবহার করা হয়েছিল।

চীনা কাঁচামাল গ্রহণকারী রুশ প্রতিষ্ঠানটি তাতারস্তানের আলাবুগা অঞ্চলে অবস্থিত এবং রাশিয়ার দীর্ঘপাল্লার ‘গেরান’ কামিকাজি ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ তৈরির সঙ্গে যুক্ত। ইউক্রেনে হামলায় ব্যবহৃত এসব ড্রোনের উৎপাদনকারী প্রতিষ্ঠানটি পশ্চিমা নিষেধাজ্ঞার তালিকাতেও রয়েছে।

ইউক্রেনিয়ান সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন সেন্টারের (ইউএসসিসি) দাবি, ২০২২ সাল থেকে একই ধরনের কাঁচামাল সরবরাহের অন্তত আটটি দরপত্রের তথ্য পাওয়া গেছে। তাদের হিসাবে, চীনা প্রতিষ্ঠানটির সরবরাহ করা উপকরণ দিয়ে প্রায় ১ হাজার ৩০০ ড্রোনের প্রয়োজনীয় কার্বন ফাইবার তৈরি করা সম্ভব।

মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা নথিগুলোকে প্রামাণিক বলে জানিয়েছেন। কয়েকজন মার্কিন বিশেষজ্ঞের মতে, এত বড় চালান চীনা সরকারের অজ্ঞাতসারে হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছে রোসাটম। চীনের দূতাবাসও জানিয়েছে, তারা কোনো পক্ষকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে না এবং দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। নতুন তথ্য রাশিয়া-চীন সম্পর্ক ও ইউক্রেন যুদ্ধে বেইজিংয়ের ভূমিকা নিয়ে পশ্চিমা উদ্বেগ আরও বাড়াতে পারে।