ভেনিসে বাঁধনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি এনসিপির

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এ দাবি জানান।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, ভেনিসে বাঁধন ও তার পরিবারের ওপর হামলা রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ। তাদের দাবি, হামলাকারীরা বাঁধনকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করেছে। এ ঘটনায় বিদেশে অবস্থানরত জুলাই আন্দোলনের কর্মী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

এনসিপির নেতারা বলেন, ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাদের ভিসা বাতিল ও বাংলাদেশে বহিষ্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাসগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।

বিবৃতিতে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পুনর্মিলনের সম্ভাবনা নাকচ করে এনসিপি। দলটির ভাষ্য, বিদেশের মাটিতেও রাজনৈতিক সহিংসতার অভিযোগ ওঠায় এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োজন।

নাহিদ ইসলাম ও আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনিসের ঘটনায় জড়িতদের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় সরকারকে কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা।