নিজ সংবাদ:
জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় দুটি বাস ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচি শুরু করে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে সংগঠনটি।
ধর্মঘটের কারণে জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা এবং জামালপুর-টাঙ্গাইল হয়ে ঢাকার পথে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
পরিবহনশ্রমিকদের অভিযোগ, বুধবার দুপুরে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় রাজিব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ করেন। একপর্যায়ে আন্দোলনকারীরা রাজিব পরিবহনের দুটি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেন। পরে বাস দুটির চালক ও সহকারীদের মারধর এবং বাস ভাঙচুর করা হয়।
শ্রমিকেরা জানান, এ ঘটনার প্রতিবাদে এবং চালক-শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বাস চলাচল বন্ধ করা হয়েছে। একই সঙ্গে হামলা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এর আগে মঙ্গলবার রাতে জামালপুরে রাজিব পরিবহনের একটি বাসের চাপায় চারজন নিহত হন। এ ঘটনার প্রতিবাদে ও বাস সার্ভিস সংস্কারের দাবিতে বুধবার নান্দিনা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ হয়। আন্দোলনকারীরা রাজিব পরিবহনের রোড পারমিট বাতিলেরও দাবি জানান।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, বাস ভাঙচুরের পাশাপাশি চালক ও সহকারীদের মারধর করে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, শ্রমিকদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
