ধাপে ধাপে অ্যালবাম প্রকাশ করবে স্পিরিচুয়াল

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিনের সংগীতচর্চার পর নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে ফিরছে ব্যান্ড স্পিরিচুয়াল। ‘পেছনের গল্প’ শিরোনামের অ্যালবামটিতে থাকছে আটটি গান। তবে প্রচলিত ধারায় একসঙ্গে পুরো অ্যালবাম প্রকাশ না করে এবার ভিন্ন কৌশল নিয়েছে ব্যান্ডটি। পর্যায়ক্রমে একটি করে গান প্রকাশের মাধ্যমে ধীরে ধীরে শ্রোতাদের সামনে অ্যালবামের গল্প তুলে ধরবে তারা।

এই যাত্রার শুরু হচ্ছে ‘দুঃস্বপ্ন’ গান দিয়ে। আগামী ৩ সেপ্টেম্বর মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে স্পিরিচুয়ালের নতুন সংগীত অধ্যায়ের সূচনা হবে।

‘দুঃস্বপ্ন’ প্রকাশের পর অ্যালবামের বাকি গানগুলোও পর্যায়ক্রমে প্রকাশের পরিকল্পনা রয়েছে। ব্যান্ডটির লক্ষ্য, ২০২৬ সালের মধ্যেই ‘পেছনের গল্প’-এর আটটি গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া।

স্পিরিচুয়ালের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া ও অনুভূতি জানার সুযোগ থাকবে। সেই আবহের মধ্যেই প্রকাশ পাবে পরবর্তী গান। এভাবে ধাপে ধাপে পূর্ণতা পাবে পুরো অ্যালবাম।

দীর্ঘ সংগীতযাত্রার অভিজ্ঞতা, অনুভূতি ও নতুন সৃষ্টিকে আরও পরিণতভাবে তুলে ধরতেই এই আয়োজন। অ্যালবামের গানগুলো পাওয়া যাবে স্পিরিচুয়ালের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব মিউজিক, অ্যামাজন মিউজিক ও আইটিউনসে।