আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ অর্থমন্ত্রী মাসাতো কান্দা দ্বিতীয় মেয়াদে আবারও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এডিবির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবির বোর্ড অব গভর্নরসের নির্বাচনে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য কান্দাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তাঁর দ্বিতীয় মেয়াদ পাঁচ বছরের। আগামী ২৪ নভেম্বর থেকে নতুন মেয়াদ কার্যকর হবে।
মাসাতো কান্দা ২০২৪ সালের ২৭ নভেম্বর এডিবির ১১তম প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার দায়িত্ব নেন। পুনর্নির্বাচিত হওয়ার পর তিনি সদস্য দেশগুলোর আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কান্দা বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিগুলো আগের সংকট থেকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোর আগেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থাও বড় ধরনের চাপের মধ্যে রয়েছে।
তিনি বলেন, এডিবিকে আঞ্চলিক স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করতে হবে। সদস্য দেশগুলোর প্রয়োজন অনুযায়ী দ্রুত অর্থ ও সহায়তা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।
কান্দার নেতৃত্বে এডিবি সদস্য দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়িয়েছে। ২০২৫ সালে সংস্থাটি রেকর্ড ৪৪ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে। এর মধ্যে ২৯ বিলিয়ন ডলারের বেশি এডিবির নিজস্ব তহবিল এবং প্রায় ১৫ বিলিয়ন ডলার যৌথ অর্থায়ন থেকে এসেছে।
এডিবির প্রেসিডেন্ট হওয়ার আগে কান্দা জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ছিলেন। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি দেশটির আন্তর্জাতিক বিষয়ক অর্থ উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্য দেশ ৬৯টি। এর মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫০টি দেশ রয়েছে।
