আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির প্রতিশ্রুতিতে ফিরে এলে ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের অধীনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ফিরে আসে, তাহলে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে গত জুনে অন্তর্বর্তী চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তবে চুক্তির বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দেখা দিলে দ্রুতই তা ভেঙে পড়ে।
এদিকে জুলাইয়ের শেষের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি হামলার প্রথম পাল্টাপাল্টি ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায়।
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, বিশ্বব্যাপী তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি যুক্তরাষ্ট্রের চুক্তির শর্ত বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত।
এর আগে সোমবার পেজেশকিয়ান বলেছিলেন, যুদ্ধ কারও স্বার্থে নয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে তেহরান এখনো আলোচনার পথ খোলা রেখেছে।
তবে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, নতুন করে হামলা শুরু হওয়া মানেই পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়া নয়।
