খালেদা জিয়ার লুকে চমক, ভাইরাল হতে নয় !

জানালেন আসল কারণ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

বিনোদন ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে সম্প্রতি আলোচনায় এসেছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর একটি পর্বে খালেদা জিয়ার আইকনিক লুকে হাজির হন তিনি।

এই সাজ ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চমক বলেন, এটি তার ভিডিও নির্মাণের ধারাবাহিক অংশ। তিনি জানান, মনিপুরী বা গারো সম্প্রদায় নিয়ে কাজ করার সময় তাদের পোশাক পরেছেন, আবার তাঁতশিল্প নিয়ে ভিডিও করার সময় তাঁতের শাড়ি ব্যবহার করেছেন। তাই সংশ্লিষ্ট ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে মিল রেখেই তিনি খালেদা জিয়ার লুক নিয়েছেন।

চমক বলেন, ফ্যাশন, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে তিনি পড়াশোনা করেন। তার মতে, বাংলাদেশের পোশাকের মাধ্যমে দেশের পরিচয় ও সংস্কৃতিকে তুলে ধরা সম্ভব।

চলতি বছর বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনেও আলোচনায় এসেছিলেন চমক। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে চান এবং নীতিনির্ধারণ ও পরিবর্তনের সুযোগ তৈরি করতেই রাজনীতিতে আসার আগ্রহ।

বর্তমান সরকারের মূল্যায়ন প্রসঙ্গে চমক বলেন, এক কথায় মূল্যায়ন করা সম্ভব নয়। কোনো ক্ষেত্রে সরকার ১০-এ ১০, আবার কোনো ক্ষেত্রে ১০-এ শূন্য—এমন মন্তব্য করে তিনি বিষয়টি নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন চমক। অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় তিনি।