ইমরান খানকে নিয়ে ক্রিকেটারদের মন্তব্যে পিসিবির নিষেধাজ্ঞা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে কোনো মন্তব্য না করতে ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্রিটিশ সংবাদমাধ্যমের পক্ষ থেকে ক্রিকেটারদের এ বিষয়ে প্রশ্ন করা হতে পারে—এমন আশঙ্কা থেকেই সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

২০২৩ সাল থেকে কারাবন্দী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি উদ্বেগ তৈরি হয়েছে। এ নিয়ে সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার কথা বলেছেন। ফলে ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তানি ক্রিকেটাররাও প্রশ্নের মুখে পড়তে পারেন বলে মনে করছে পিসিবি।

লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ম্যাচের বিরতিতে স্কাই স্পোর্টসে সাক্ষাৎকার দেন ইমরানের দুই ছেলে সুলাইমান ইসা খান ও কাসিম খান। বাবার কারাবাস ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। সাক্ষাৎকারটি সম্প্রচারে আপত্তি জানায় পিসিবি।

এমনকি সাক্ষাৎকার প্রচারিত হলে পাকিস্তান দল মধ্যাহ্ন বিরতির পর মাঠে নাও ফিরতে পারে—এমন হুমকির খবরও প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত দল মাঠে ফিরে খেলা চালিয়ে যায়।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ইমরানকে নিয়ে প্রশ্ন করা হলে রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করতে ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে পিসিবি। বোর্ডের আশঙ্কা, এমন মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়ে দলের মনোযোগ নষ্ট হতে পারে।

ইমরান খান ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ সালে প্রধানমন্ত্রী হন। ২০২২ সালে ক্ষমতা হারানোর পরও তিনি পাকিস্তানের রাজনীতিতে আলোচিত ব্যক্তিত্ব।