ক্রীড়া ডেস্ক:
লেস্টার সিটি ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ট্রান্সফার ডেডলাইনের আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির সঙ্গে দলবদলের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। এখন মেডিক্যাল পরীক্ষার পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার অপেক্ষা।
গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। চ্যাম্পিয়নশিপে ক্লাবটির হয়ে ১৯ ম্যাচে মাঠে নামেন তিনি, যার ১৬টিতেই ছিলেন শুরুর একাদশে। তার পারফরম্যান্সে শেফিল্ড প্লে-অফ ফাইনালে উঠলেও সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ হারায় দলটি।
মাত্র সাত বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন হামজা। বার্টন অ্যালবিয়নে দুটি ধারে খেলার পর ২০১৭ সালে লেস্টারের মূল দলে জায়গা করে নেন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই ফুটবলার।
শেফিল্ডে হামজার স্থায়ী ফেরার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে রয়েছে দলটির প্রথম পছন্দের রাইটব্যাক ফেমি সেরিকির চোট। হামজার সবচেয়ে বড় শক্তি তার বহুমুখী খেলার দক্ষতা। মিডফিল্ডের পাশাপাশি রাইটব্যাক পজিশনেও খেলতে পারেন তিনি।
ফলে হামজাকে দলে ফিরিয়ে শেফিল্ড ইউনাইটেড একদিকে মাঝমাঠ শক্তিশালী করার পাশাপাশি রাইটব্যাকের সমস্যাও সামাল দিতে চাইছে।
