আমিনবাজারে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ

প্রতি ইউনিট ২৫ টাকা

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

ঢাকার আমিনবাজারের ল্যান্ডফিলে জমা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে একটি চীনা কোম্পানি। প্রকল্পটি চালু হলে বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এরই মধ্যে প্রকল্প নিয়ে চুক্তি হয়েছে। চূড়ান্ত অর্থায়ন চুক্তি হবে বিনিয়োগকারী ব্যাংক, কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে।

মীর শাহে আলম জানান, উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ২৫ টাকা দরে কিনবে। দাম তুলনামূলক বেশি হলেও বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সুবিধার কারণে প্রকল্পটি লাভজনক হবে বলে মনে করছে সরকার। ল্যান্ডফিল ব্যবহারের জন্য চীনা কোম্পানি সিটি করপোরেশনকে মাসিক ভাড়াও দেবে। পাশাপাশি বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের সুযোগ থাকবে। এ প্রকল্পে বাংলাদেশ সরকারের সরাসরি বিনিয়োগের প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

তিনি আরও জানান, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল ও মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহ রয়েছে। মোংলা বন্দরের উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘পাওয়ার চায়না’ নামের একটি কোম্পানিও দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে থাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে যোগাযোগ করছে। সেখান থেকেও প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।