বিনোদন ডেস্ক:
‘দৃশ্যম’ মানেই রহস্য, টানটান উত্তেজনা আর সেই বিশেষ তারিখ—২ অক্টোবর। এবার তৃতীয় কিস্তির মুক্তির দিনও রাখা হয়েছে এই তারিখেই। দুই সফল সিনেমার পর অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম’ সিরিজ ফিরছে নতুন অধ্যায় ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে।
সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত হয়েছে সিনেমাটির নতুন পোস্টার। সেখানে দেখা গেছে অজয় দেবগণের একটি চোখ। রহস্যময় সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে বিজয় সালগাঁওকারের জীবনে নতুন প্রশ্ন, সংকট ও নাটকীয় মোড়ের। পোস্টার প্রকাশ করে অজয় লিখেছেন, প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও তাঁর কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পোস্টারে আরও উঠে এসেছে বিজয়ের দর্শন—‘আমার কাছে সত্য, সঠিক কেবলই আমার পরিবার।’ ফলে ধারণা করা হচ্ছে, আগের দুই কিস্তির মতো এবারও পরিবারের নিরাপত্তাই বিজয়ের প্রধান লক্ষ্য থাকবে। সত্য, মিথ্যা ও পরিবারের স্বার্থকে ঘিরে নতুন রহস্যের জালেই জড়িয়ে পড়তে পারেন তিনি।
এর আগে প্রকাশিত টিজারেও বিজয়ের মানসিক অবস্থার আভাস পাওয়া গেছে। সেখানে নানা পরিচয়ের ঊর্ধ্বে তাঁর কাছে পরিবারের গুরুত্বই সবচেয়ে বেশি—এমন বার্তা দেওয়া হয়েছে।
অভিষেক পাঠকের পরিচালনায় ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজসহ অনেকে।
মালয়ালম সিনেমার হিন্দি রিমেক ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’ দর্শক ও বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এবার গল্পের শেষ পরিণতি কী হয়, তা জানতে দর্শকদের অপেক্ষা সেই আলোচিত দিন—২ অক্টোবর।
