আলমডাঙ্গায় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির পাঠক বৈঠক

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গার অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে পাঠক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় লাইব্রেরি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া অনুষ্ঠানে পাঠক, স্বেচ্ছাসেবী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দ্য ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক। প্রধান আলোচক ছিলেন স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক বিভাগের সাবেক অধ্যাপক ডা. মো. রেজওয়ানুল হক বুলবুল এবং চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নিগার সিদ্দিক কলেজের প্রভাষক খায়রুল ইসলাম, ভোঁদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট ছড়াকার ও চারণকবি মনোয়ার হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের ফিজিক্যাল এডুকেশন শিক্ষক সাঈদ এম. হিরন, এসআই অব পুলিশ হেলাল উজ্জামান এবং দুবাই ইলেক্ট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি-এর সিনিয়র ইঞ্জিনিয়ার রুহুল কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি সমৃদ্ধ পাঠাগার কেবল বই ধার দেওয়ার স্থান নয়, বরং এটি জ্ঞানচর্চা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের অন্যতম কেন্দ্র। তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি লাইব্রেরিতে এসে বিভিন্ন বিষয়ে বই পড়ার আহ্বান জানান। এ সময় বক্তারা স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির বর্তমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ পাঠাগার গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি লাইব্রেরিকেন্দ্রিক বিভিন্ন শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাঠকদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এতে পাঠকেরা লাইব্রেরির উন্নয়ন, নতুন বই সংযোজন, পাঠকসেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ তুলে ধরেন। পরে বিশিষ্ট শিক্ষক, ছড়াকার ও চারণকবি মনোয়ার হোসেন বইপড়া ও লাইব্রেরির গুরুত্ব নিয়ে তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করেন। তাঁর আবৃত্তি উপস্থিত অতিথি ও পাঠকদের মুগ্ধ করে এবং বইপড়ার প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করে। সবশেষে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. এনামুল হক উপস্থিত সকল অতিথি, পাঠক, স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি সমৃদ্ধ সমাজ গঠনে বইপড়ার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। পরে তিনি পাঠক বৈঠকের সফল সমাপ্তি ঘোষণা করেন।