শফিকুর রহমান \ কুষ্টিয়া শহরের চৌড়হাঁস বড় পুকুরপাড় এলাকায় দাদার বোনের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিসান (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নিসান জেলার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের আশানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নিসান দাদার বোনের বাড়ি চৌড়হাস বেড়াতে আসে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৯টার দিকে মোবাইল ফোন চার্জে রেখে বক্স দিয়ে আরও দুই-তিনজন শিশুর সঙ্গে গান শুনছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ছটফট করতে শুরু করে। বিষয়টি দেখে তার ছোট বোন ঝাড়ু দিয়ে তাকে বিদ্যুতের সংস্পর্শ থেকে সরানোর চেষ্টা করে এবং চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
