বিনোদন ডেস্ক:
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের মজার বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ওমর সানীকে উদ্দেশ করে আবারও রসাত্মক পোস্ট দিয়েছেন জয়।
ফেসবুকে দেওয়া পোস্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’ পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।
এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে দুই তারকার মধ্যে হাস্যরসাত্মক বাকযুদ্ধ শুরু হয়। তখন জয় মন্তব্য করেছিলেন, নব্বইয়ের দশকের সিনেমায় কেন চিত্রনায়িকা মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন, সেটি এখন তিনি বুঝতে পেরেছেন। জবাবে ওমর সানীও ফেসবুকে লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন।
সেই ‘চাবুক’ প্রসঙ্গ টেনেই আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের পর নতুন করে খোঁচা দেন জয়। তার এই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যেও হাস্যরসের সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্যে দুই তারকার বন্ধুত্বপূর্ণ রসিকতাকে উপভোগ করছেন এবং মজার নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই হালকা-ধাঁচের বাকযুদ্ধ এখন বিনোদনপ্রেমীদের কাছে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। দুই তারকার পোস্ট ও পাল্টা পোস্টে ফুটবল উন্মাদনার পাশাপাশি বিনোদনের নতুন মাত্রাও যোগ হয়েছে।
