দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চলতি বর্ষায় অতিবৃষ্টিতে কর্মহীন সীমান্তবর্তী এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ ১০০জন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি। গতকাল সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উদ্যোগে দৌলতপুর উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প চত্বরে উপস্থিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। এসময় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এসময় টানা কয়েকদিনের বৃষ্টি বিঘ্নিত কর্মহীন, দিনমজুর, দরিদ্র ও অসহায় মানুষ খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ্টি প্রকাশ করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত পাহারায় নিয়োজিত একটি বাহিনী নয়; দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও বাহিনীর অন্যতম অঙ্গীকার। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বন্যা, শৈত্যপ্রবাহ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিজিবি জনগণের আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলের বহু দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ নিয়মিত কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছেন। ফলে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন প্রেক্ষাপটে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি তাদের পাশে দাঁড়িয়েছে। বিতরণকৃত খাদ্যসামগ্রী কর্মহীন পরিবারের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে ।
