দৌলতপুরে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে ঘরের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদ সংলগ্ন পূর্বপাড়ার উজ্বল হোসেনের বাড়ির জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার, বৈদ্যুতিক মোটরসহ মূল্যবান সম্পদ চুরি করেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। উজ্জ্বল হোসেন একই এলাকার সাবেক সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিনের বড় ছেলে। তিনি ঢাকায় কর্মরত থাকায় বাড়িতে তার স্ত্রী রোজিনা খাতুন তিন সন্তানকে নিয়ে বসবাস করেন। এলাকাবাসী ও ওই পারিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রোজিনা খাতুন সন্তানদের নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে ওইদিন গভীর রাতে একদল চোর বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা রান্নাঘরের দরজার লোহার সিটকানির অংশ কেটে শোবার ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ চুরি করে নিয়ে যায়। গতকাল শনিবার বিকেলে বাড়িতে ফিরে রোজিনা খাতুন ঘরের দরজা খুলে সবকিছু এলোমেলো অবস্থায় দেখে এবং চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েন। পরিবারের দাবি, চুরির ঘটনায় তাদের প্রায় সাড়ে ৪ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও উৎকন্ঠার সৃষ্টি করেছে। সেইসাথে তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। চুরির বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, চুরির ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগ পেলে বা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।