দৌলতপুরে মাদকাসক্ত যুবককে হাতুড়িপিটা

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের ধরে মাদকাসক্ত এক যুবককে হাতুড়িপিটা করেছে প্রতিপক্ষ যুবকরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া গ্রামে মাদকাসক্ত ওই যুবকের ওপর হামলার ঘটনা ঘটে। আহত যুবক শনিরুল ইসলাম (২০) কে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই এলাকার রবিউল ইসলামের ছেলে এবং পেশায় ভ্যান চালক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, চুয়ামল্লিকপাড়া গ্রামে ফায়ার সার্ভিস স্টেশনের জন্য নির্ধারিত স্থানে নির্মিত মাচায় বসে একই এলাকার সাহারুল, রাব্বি, সিজান, রমিন ও স্বপনসহ ৫-৬ জন যুবক আড্ডা দিচ্ছিল। এসময় মাদকাসক্ত যুবক শনিরুল ইসলাম সেখানে গেলে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে তারা শনিরুলের ওপর হামলা চালায় এবং তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। হাতুড়ির আঘাতে শনিরুল লুটিয়ে পড়লে হামলকারী যুবকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শনিরুলকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।