খোকসায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

খোকসা প্রতিনিধি \ ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য রালী, আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খোকসা থানা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলাউদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, খোকসা থানার তদন্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন এবং পল্লী উন্নয়ন বোর্ডের সভাপতি কাউসারুল আলম সউদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্তেক ইকবাল চয়ন। আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পল্লী উন্নয়ন কার্যক্রম। এ ধারা আরও বেগবান করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কার্যক্রমের সুবিধাভোগী, বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন, গণমাধ্যমকর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।