এম সনজু আহমেদ \ চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামে মাদকের ভয়াবহতা ও এর কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউস ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় আকন্দবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দর্শনা থানা পুলিশ এবং আকন্দবাড়ীয়া গ্রামের সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি বলেন- মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। পাশাপাশি মাদক নির্মূলে জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করেন। দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ওপেন হাউস ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা নিয়মিতভাবে আয়োজন করা হবে।
