কুষ্টিয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ায় পদ্মা নদীর মোহনা ও ট্যাক স্থান থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রোপাগান্ডা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম. এ. রাজ্জাক মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান চাঁদ। তিনি হরিপুর এলাকার আশিক আলীর ছেলে। লিখিত বক্তব্যে চাঁদ বলেন, কুষ্টিয়ার পদ্মা নদীর মোহনা ট্যাক স্থানে বিগত বেশ কিছুদিন যাবৎ একটি গোষ্ঠী অবৈধভাবে বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল, যা তিনি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারেন। এই অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এবং তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, গত কয়েকদিন যাবৎ অবৈধ বালু উত্তোলন বন্ধে কুষ্টিয়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কর্তৃক বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। ওই অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজারসহ বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়। উক্ত অবৈধ বালু ব্যবসার সাথে যুবদল নেতা চাঁদ বা তার কোনো আত্মীয়-স্বজনের কোনো সম্পৃক্ততা নেই এবং তাদের কেউ আটকও হয়নি। প্রশাসন কর্তৃক পরিচালিত এই অভিযানই প্রমাণ করে যে তিনি কোনোভাবেই অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত নন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সুরুজ আলী এবং ফিরোজ হোসেন।