মিরপুরে শ্বশুর-শাশুড়ী ও সাবেক স্ত্রীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জামাই আটক

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে শ্বশুর-শাশুড়ি এবং নিজের সাবেক স্ত্রীকে ২৮ পিস নিষিদ্ধ টেপেন্টাডল ট্যাবলেট দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সাবেক জামাই। রবিবার দিবাগত রাতে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর গ্রামের মোল্লাপাড়ায় ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- মাজিহাট গ্রামের রাফিজুল মন্ডলের ছেলে হাসিবুল ইসলাম ঠান্টুকে তার স্ত্রী কর্তৃক তালাক দেওয়ার প্রতিশোধ নিতে শ্বশুর-শাশুড়ি এবং নিজের সাবেক স্ত্রীকে ২৮ পিস নিষিদ্ধ টেপেন্টাডল ট্যাবলেট দিয়ে ফাঁসানোর জন্য পুলিশকে খবর দেয়। পরে পুলিশের অভিযানের সময় বিষয়টি সন্দেহমূলক হলে ঠান্টুকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, শ্বশুর-শাশুড়ি এবং নিজের সাবেক স্ত্রীকে টেপেন্টাডল ট্যাবলেট দিয়ে ফাঁসানোর জন্যই সে পুলিশকে খবর দিয়েছে। পরে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে আটক করা হয়। মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান-অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।