মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ‘মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’-এর আওতায় ৮জন মৎস্য চাষির মাঝে মাছ চাষের উপকরণ ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক সঞ্চয় কুমার। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী মৎস্যচাষিদের গৃহস্থালি পুকুরে প্রদর্শনী বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রজাতীর মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে পেঁপে, কুল, কদবেল ও পেয়ারার চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সমাজসেবা কর্মকর্তা বদিউজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম গোলাম মহিউদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী মৎস্য চাষিরা। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ সম্প্রসারণের পাশাপাশি গৃহস্থালি পর্যায়ে পুষ্টি ও পরিবেশ বান্ধব উদ্যোগকে উৎসাহিত করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
