আলমডাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দিন রোডস্থ ওয়ালটন প্লাজা শোরুমে ওয়ালটন গ্রুপের উদ্যোগে সারাদেশব্যাপী একযোগে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলমডাঙ্গা ওয়ালটন প্লাজার শাখা ব্যবস্থাপক মোঃ হেদায়েতুল ইসলাম বলেন, “ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা আজ সারাদেশের প্রায় ৭১৩টি স্থানে একযোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। এ ক্যাম্পে সাধারণ মানুষ তাদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা জানিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন। ওয়ালটন শুধু মানসম্মত ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য সরবরাহই করে না, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনগণের কল্যাণেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।”

তিনি আরও বলেন, “আলমডাঙ্গাবাসীর জন্য এটি একটি বিশেষ উদ্যোগ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও ওয়ালটন এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় একজন সেবাগ্রহীতা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছেন। চিকিৎসার জন্য দেশের পাশাপাশি ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও কাঙ্ক্ষিত সুফল পাননি। পরে বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা গ্রহণ করে বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন। তিনি ওয়ালটনের এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে একটি মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান। চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন ডা. নাজনীন সুলতানা কণা ও ডা. নিলয়। দিনব্যাপী চলা এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার শাখা ব্যবস্থাপক গোলাম সারোয়ার রাজু, রিজিওনাল সেলস ম্যানেজার রিফাত হাসান খান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সাগর আহমেদ, হাসানুজ্জামান, আশরাফুল হক, জুবায়ের আহমেদ, হাসিবুল ইসলামসহ ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, ওয়ালটন প্লাজার এ বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্যাম্পটি সারাদিনব্যাপী পরিচালিত হয় এবং বিপুল সংখ্যক মানুষ এ সেবা গ্রহণ করেন।