আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির গ্রিলে বিদ্যুতায়িত হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জুবায়ের আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। সে চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুবায়েরের বন্ধু শাকীল জানান, দুপুরে বাড়িতে অবস্থানকালে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন্ধু ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। স্থানীয়রা বলছেন, বাড়ির গ্রিলের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘নিথর অবস্থায় ওই কিশোরকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সন্ধ্যায় জানাজা শেষে নিজ গ্রামে গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।