ভেড়ামারায় ব্রাইট ফিউচার মডেল স্কুল পরীক্ষার ফলাফল প্রকাশ

বুধবার, জুন ২৪, ২০২৬

 

আল-মাহাদী \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারিপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট ফিউচার মডেল স্কুল-এর প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আব্দুল্লাহ। প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম প্রথম সাময়িক পরীক্ষার সার্বিক ফলাফল তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান। তিনি বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। শিক্ষক হিসেবে আমাদের দরজা সবসময় শিক্ষার্থীদের জন্য খোলা। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেশকে ভালোবাসো এবং নিজেদের এমনভাবে গড়ে তোলো, যাতে একদিন পরিবার ও দেশের গর্ব হতে পারো।” অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ। এ সময় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে ফলাফল ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। ম্যানেজিং কমিটির সদস্যরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আব্দুল্লাহ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, নৈতিক শিক্ষা ও শিক্ষাজীবনে সাফল্য কামনা করে বিশেষ দোয়া ভাবে দোয়া করে দেন।