নিজ সংবাদ \ গ্রামীণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে আইনি সেবা পৌঁছে দিতে কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত বিষয়ক বর্ণাঢ্য প্রচারণামূলক র্যালি, আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় সরকার বিভাগের অধীন ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউল ইসলাম মহির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচারপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী মো. এনামুল হক। তিনি বলেন, “সামান্য বিরোধ কিংবা স্থানীয় আইনি সমস্যার সমাধানে জেলা আদালত বা পুলিশের দ্বারস্থ হয়ে সাধারণ মানুষকে আর অযথা সময় ও অর্থ ব্যয় করতে হবে না। গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত, সহজ ও কম খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এখানে কোনো আইনজীবীর প্রয়োজন হয় না; পক্ষগুলো নিজেরাই নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। বিশেষ করে নারীদের জন্য এটি ন্যায়বিচার পাওয়ার একটি নিরাপদ, সহজলভ্য ও কার্যকর মাধ্যম।” সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. মহিউল ইসলাম মহি বলেন, “স্বল্প সময়ে ও স্বল্প খরচে সঠিক বিচার নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ বদ্ধপরিকর। গ্রাম আদালতের সুফল ও জনকল্যাণমূলক সেবার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।” আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের সেবা ও সুবিধা বিষয়ক বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। পরে উপস্থিত জনসাধারণের জন্য গ্রাম আদালতের কার্যক্রম ও সুফল নিয়ে নির্মিত একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
