জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমনে একাধিক নির্দেশনা

আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

 

আলমডাঙ্গা অফিস \ চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তিনি থানায় পৌঁছালে আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ, অফিস কক্ষ, মালখানা, হাজতখানা, ব্যারাক ও মেসসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রকৃত অর্থে জনসেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার, হোন্ডা মোবাইল টহল বৃদ্ধি, বিট পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করা, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল, মামলার আসামি গ্রেপ্তার, যৌক্তিক সময়ের মধ্যে তদন্ত ও মামলা নিষ্পত্তি, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ এবং বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ দেন। এছাড়া থানার মেসে মানসম্মত খাবার নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা, ব্যারাকের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যদের ছুটির বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইলসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। উল্লেখ্য, মোহাম্মদ রুহুল কবীর খান চলতি বছরের ১৬ মার্চ চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন।