কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নসিমন চালকের মৃত্যু

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

শফিকুর রহমান \ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিরাজ (৬০) নামে এক নসিমন চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া রানাকড়িয়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং জমির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বহলবাড়িয়া এলাকায় রড নামিয়ে নসিমনযোগে কুষ্টিয়ার দিকে ফিরছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত সিরাজকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।