দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠে রবিবার রাত ১০.২০টায় বিজিবির টহল দলের অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল মদ, ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৭৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার হয়েছে। একইদিন রাত ১০.৫০টায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ মন্ডলপাড়া মাঠে টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অপরদিকে গতকাল সোমবার বেলা ১১.১০ টায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ হাজার ৮০০ পিস চকলেট বাজি উদ্ধার করে। একই দিন ভোর ৫টায় কাজিপুর বর্ডারপাড়া মাঠে পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ হাজার ৭০০ পিস চকলেট বাজি, ১পিস শেরওয়ানি এবং ১পিস লেহেঙ্গা উদ্ধার করা হয়। সকাল আনুমানিক ৭.৫০ টায় অপর অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজর ৫০০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্যের সিজার মূল্য ১৫ লক্ষ ৫৪ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
