নিজ সংবাদ:
দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হলেও তামাক ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা না গেলে এর সুফল পুরোপুরি পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে প্রতি বছর তামাকজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিপুলসংখ্যক মানুষ মৃত্যুবরণ করেন। তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগের চিকিৎসায়। ফলে তামাক দেশের স্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, তামাকের ব্যবহার কমাতে এবং জনসচেতনতা বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে তামাক ও মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
