দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: কাজল মাজমাদার

কুষ্টিয়া পৌর ২নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

নিজ সংবাদ \ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কুষ্টিয়া পৌর ২ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আংশিকভাবে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। গতকাল রবিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে থানাপাড়ায় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদারের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রোজি খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। এসময় ২ নং ওয়ার্ড মহিলাদলের কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি শামীমা পারভীন সুরভী ও সাধারণ সম্পাদক সাদেকা সুলতানা শেলী, সহ-সভাপতি শাপলা খাতুন এর নাম উল্লেখ করে আংশিক কমিটি গঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রিংকু প্রমূখ। প্রধান অতিথি আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, কুষ্টিয়া পৌর ২নং ওয়ার্ড মহিলা দলের আংশিক কমিটি গঠনের মাধ্যমে মহিলাদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, সামাজিক সচেতনতায় নারীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। মহিলা দলের নেতাকর্মীরাও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে মতভেদ থাকবে, কিন্তু বিভেদ থাকবে না; প্রতিযোগিতা থাকবে, কিন্তু শত্রুতা থাকবে না। আমাদের দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। উপস্থিত অতিথিরা জানান, তৃণমূল পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আগামী দিনে ওয়ার্ডের প্রতিটি এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন। পরে নবাগত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।