শফিকুর রহমান \ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মায়ের ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে সাজেদা খাতুন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার (১২ জুন) উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাজেদা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে এবং সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে পারিবারিক কাজে সহায়তা করা নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে সাজেদা বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাজেদার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
