বিতর্কের মুখে স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’

নতুন তারিখে প্রদর্শনীর আশ্বাস

বুধবার, জুন ৩, ২০২৬

বিনোদন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় বিতর্কের মুখে স্থগিত হওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী শিগগিরই নতুন তারিখে আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তারা আশা প্রকাশ করেছে, চলমান ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দর্শকদের জন্য দ্রুতই নতুন সূচি ঘোষণা করা হবে।

শনিবার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন বিকেলে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে সিনেমাটির প্রদর্শনী হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

আয়োজকদের ভাষ্য, অনুষ্ঠানটির প্রচারণা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট ছড়িয়ে পড়ে। জেলার কওমি ছাত্র-ঐক্য পরিষদের একটি অংশ সিনেমা প্রদর্শনের বিরোধিতা করে প্রচারণা চালায়। এর ফলে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন প্রদর্শনী স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, আয়োজক কমিটি প্রদর্শনীর বিষয়ে প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। পাশাপাশি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছিল। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আপাতত প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্রটির নির্মাতা ও প্রযোজক তানিম নূর। তিনি বলেন, বাংলাদেশে সেন্সর অনুমোদন পাওয়া কোনো চলচ্চিত্র প্রদর্শনে আইনগত বাধা নেই। বরং এমন আয়োজনের ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতা পাওয়ার কথা। তিনি অভিযোগ করেন, সিনেমার পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে উসকানিমূলক প্রচারণা চালানো হয়েছে, যা বেআইনি এবং শিল্প-সংস্কৃতির জন্য উদ্বেগজনক।