দরপতনের পর ঘুরে দাঁড়াল স্বর্ণবাজার

আন্তর্জাতিক বাজারে বাড়ছে সোনার দাম

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

টানা কয়েক দিনের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার মাত্র একদিন পরই মূল্যবান এই ধাতুর বাজারে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতির চাপের কারণে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এ মূল্যবৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের বাজারে শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে প্রতি গ্রাম ৫৪৪ দিরহামে পৌঁছেছে, যা আগের দিন ছিল ৫৪১.২৫ দিরহাম। এর আগে ২৭ মে দাম নেমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন ৫৩৭ দিরহামে দাঁড়িয়েছিল।

একই দিনে ২২ ক্যারেট সোনা প্রতি গ্রাম ৫০৩.৭৫ দিরহাম, ২১ ক্যারেট ৪৮৩ দিরহাম এবং ১৮ ক্যারেট ৪১৪ দিরহামে বিক্রি হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১১ ডলারে পৌঁছেছে। ফিউচার মার্কেটেও সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

বিশ্লেষকদের মতে, বাজারে এখনো কিছু অনিশ্চয়তা থাকলেও স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে শক্তিশালী মার্কিন ডলার এবং বন্ডের উচ্চ মুনাফা সোনার বাজারে চাপ সৃষ্টি করতে পারে।

এদিকে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা হলেও বাংলাদেশে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।