ভক্তদের সমর্থনে পাশে অঙ্কিতা লোখান্ডে

হিজাব পরা ছবি ঘিরে সমালোচনা

বুধবার, জুন ৩, ২০২৬

বিনোদন ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফরে তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের সময় হিজাব পরা কয়েকটি ছবি শেয়ার করার পরই নেটিজেনদের একাংশের নেতিবাচক মন্তব্যের শিকার হন তিনি। তবে এই পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার অসংখ্য ভক্ত-অনুরাগী।

সম্প্রতি ইনস্টাগ্রামে আবুধাবি সফরের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন অঙ্কিতা। ছবিগুলোর কয়েকটিতে তাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। এরপরই সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, কেন তিনি হিজাব পরেছেন কিংবা তিনি ধর্ম পরিবর্তন করেছেন কি না।

তবে সমালোচনার জবাবে অঙ্কিতার সমর্থকরা জানান, আবুধাবির অনেক ধর্মীয় ও দর্শনীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট পোশাকবিধি অনুসরণ করা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই অভিনেত্রী হিজাব পরেছিলেন। এছাড়া অনেকেই এটিকে তার ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতার বিষয় হিসেবে উল্লেখ করে অযথা ধর্মীয় বিতর্ক না ছড়ানোর আহ্বান জানান।

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অঙ্কিতা লোখান্ডে। পরে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘বাঘি ৩’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

ব্যক্তিগত জীবনে ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। এরপর থেকে বিভিন্ন রিয়েলিটি শোতেও এই দম্পতিকে একসঙ্গে দেখা গেছে।