জেপি মরগানরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে: অর্থমন্ত্রী

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বিশ্বের বড় বড় আন্তর্জাতিক ফান্ড ম্যানেজার ও বিনিয়োগ প্রতিষ্ঠান। তবে সেই বিনিয়োগ আকর্ষণ করতে আর্থিক খাতে স্বচ্ছতা ও নির্ভরযোগ্য অডিট রিপোর্ট নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২০ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত এক সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বিশ্বখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মরগানসহ বিভিন্ন আন্তর্জাতিক ফান্ড ম্যানেজার বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছে। কিন্তু বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য সঠিক ও বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, গত কয়েক বছরে দেশের অর্থনীতি নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে। ব্যাংক খাতে অনিয়ম, অর্থ পাচার এবং ভুল তথ্য দিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির মতো ঘটনায় আর্থিক খাতে বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। এতে ব্যাংক ও বেসরকারি খাতে মূলধন ঘাটতিও বেড়েছে।

আমির খসরু আরও বলেন, দেশের আর্থিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার পরিস্থিতিতে পৌঁছেছিল। এখন স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর তদারকির মাধ্যমেই বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে বিভ্রান্তিকর আর্থিক তথ্যের কারণে প্রকৃত উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি জানান, ভুল আর্থিক প্রতিবেদন ও সম্পদ মূল্যায়নে কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এফআরসিকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।