জামালপুরের মেলান্দহে আলোচনায় ৩২ মণের ‘জমিদার’

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

জামালপুরের মেলান্দহ উপজেলাের মাহমুদপুর এলাকায় রোজিনা-রফিকুল দম্পতির খামারে বেড়ে ওঠা বিশাল আকৃতির ষাঁড় গরু ‘জমিদার’ এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। বিশাল দেহ, রাজকীয় খাবারের অভ্যাস এবং শান্ত স্বভাবের কারণে প্রতিদিনই গরুটিকে দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

খামারিরা জানান, ‘জমিদার’ সাধারণ গরুর মতো নয়। বাসি বা পচা খাবার একেবারেই খায় না। প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে কাঁচা ঘাস, খড়, ভুসি, ভুট্টা, খৈল, ছোলা, বিভিন্ন ফল এবং উন্নতমানের দানাদার খাবার। শুধু খাবারের পেছনেই প্রতিদিন খরচ হয় প্রায় এক হাজার টাকা। এ কারণেই গরুটির নাম রাখা হয়েছে ‘জমিদার’।

সরেজমিনে দেখা যায়, বিশাল আকৃতির সাদাকালো রঙের গরুটি খামারের চালাঘরে শান্তভাবে দাঁড়িয়ে আছে। দর্শনার্থীরা মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছেন। স্থানীয়দের দাবি, আসন্ন কোরবানির ঈদে এটি হতে পারে উপজেলার সবচেয়ে বড় গরু।

খামার সূত্রে জানা গেছে, চার বছর বয়সী হলেস্টেইন ফ্রিজিয়ান জাতের ‘জমিদার’-এর ওজন প্রায় ৩২ মণ। উচ্চতা প্রায় ৬ ফুট এবং দৈর্ঘ্য ১১ ফুট। খামারি রোজিনা বেগম জানান, পরিবারের সদস্যের মতো করেই গরুটিকে লালনপালন করা হয়েছে। আর রফিকুল মোল্লা বলেন, গত বছর ৬ লাখ ২০ হাজার টাকা দাম উঠলেও বিক্রি করেননি। এবার গরুটির দাম চাওয়া হচ্ছে ১৩ লাখ টাকা।