নিজ সংবাদ:
নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন আরও তীব্র হয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে শিক্ষার্থীদের ঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। ফলে কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাসে প্রবেশে বাধা সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার সরকার মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিলে শিক্ষার্থীদের একটি অংশ এর বিরোধিতা শুরু করে।
শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— নতুন ভিসির নিয়োগ বাতিল, ডুয়েটের শিক্ষককে ভিসি নিয়োগ এবং সাম্প্রতিক সংঘর্ষে জড়িতদের বিচার নিশ্চিত করা। ভিসি নিয়োগের প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মিছিল কর্মসূচি পালিত হচ্ছে। রোববার ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচিকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের একাংশের দাবি, আন্দোলনে ছাত্রশিবির-সংশ্লিষ্ট কিছু নেতাকর্মীর উপস্থিতি রয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন, এটি সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভিসি রোববার যোগদান করলেও পরিস্থিতির কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
