আজ ট্রাইব্যুনালে জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয়জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩ মে মামলার ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারিত থাকলেও অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে আইনি কার্যক্রম পরিচালনা করছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে জয়ের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কার্যক্রম পরিচালনা করেন পলক। এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ইন্টারনেট বন্ধে ভূমিকা রাখা, মারণাস্ত্র ব্যবহারে উসকানি এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। মামলায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন নিহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। চলতি বছরের ২১ জানুয়ারি আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন।