নিজ সংবাদ:
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্নার আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ (মধু), কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. স্বাধীন ইসলাম, দৌলতপুর আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী এবং মনপুরা থানা যুবলীগের সক্রিয় সদস্য মাকসুদুর রহমান বাবলুসহ মোট ছয়জন।
আদালত সূত্রে জানা যায়, তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মাহমুদুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।
মামলার বিবরণ অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজায় অংশ নিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ নেতাকর্মী সমবেত হন। জানাজা শেষে মরদেহ বহনের সময় তারা ‘জয় বাংলা’ ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। পরে ধানমন্ডি মডেল থানার এসআই মিঠুন সিংহ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলার বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
