২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫০৪

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ জন।

মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে আরও ৫০৪ জন।

এ সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৭৩ হাজার ৩৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৮৭৮ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগও নজরদারি ও চিকিৎসাসেবা জোরদার করেছে।