আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ৭০ ফুট উঁচু সোনালি রঙের ভাস্কর্য অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১ জুন) বিকেলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে নির্মিত বিশাল আকৃতির ভাস্কর্যটি শহরের অন্যতম দর্শনীয় আকর্ষণে পরিণত হয়েছিল। এতে বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপনের ভঙ্গিতে মেসিকে উপস্থাপন করা হয়। ভাস্কর্যটির উদ্বোধনী অনুষ্ঠানে স্বয়ং মেসি অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন।
পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই প্রশাসন ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। বর্তমানে এটি সরকারি গুদামে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে নতুন কোনো উপযুক্ত স্থানে পুনঃস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভাস্কর্যটি নির্মাণে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতা ছিল। তবে সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রামাণিক এটিকে “দৃষ্টিকটু” বলে মন্তব্য করেন, যা নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
তার মন্তব্যের কিছুদিন পরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে। ফলে কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে জনপ্রিয় এই স্থাপনাটি আপাতত জনসম্মুখ থেকে সরিয়ে নেওয়া হলো।
