নিজ সংবাদ:
সিলেটে হত্যা ও ধর্ষণচেষ্টার শিকার চার বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফাহিমা হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে ধরে নিতে হবে ন্যায়বিচার আর হবে না। সরকারকে ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্নের বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামে ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটির নিষ্পত্তির দাবি জানান।
এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, স্বল্প সময়ের ব্যবধানে তেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এ ধরনের সিদ্ধান্ত জাতীয় সংসদে আলোচনা করে নেওয়া উচিত ছিল। রাতের আঁধারে মূল্যবৃদ্ধির ঘোষণা জনগণের সঙ্গে অসঙ্গত আচরণের শামিল বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি সরকারের কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন নয়। তবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
