নিজ সংবাদ:
ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা তার জন্মভূমি ভোলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বাদ জোহর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তোফায়েল আহমেদের শ্যালক আলমগীর তালুকদার জানান, সকালে হেলিকপ্টারে তার মরদেহ ভোলায় আনা হয়। জানাজা শেষে পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোলা সরকারি স্কুল মাঠে মানুষের সমাগম বাড়তে থাকে। উপস্থিত অনেকেই তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে ভূমিকা এবং ভোলার উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ভোলার উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে তোফায়েল আহমেদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়নে তিনি সব সময় জনপ্রতিনিধিদের উৎসাহিত করতেন।
এদিকে জানাজা উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সহনশীল অবস্থান গ্রহণ করেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল বলেন, মানবিক বিবেচনায় জানাজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা সহযোগিতা করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে জন্মভূমির মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের রাজনীতির পরিচিত মুখ তোফায়েল আহমেদ।
