আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত খসড়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান করে পাল্টা সংশোধনী প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা এখনো চলমান থাকায় তেহরান প্রস্তাবিত যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির সর্বশেষ খসড়ায় পরিবর্তন আনতে চায়। এ লক্ষ্যে ইরান নিজস্ব কিছু সংশোধনী প্রস্তাব সংশ্লিষ্ট পক্ষের কাছে উপস্থাপন করেছে।
সূত্রটি স্পষ্টভাবে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত সংশোধনীগুলো ইরান গ্রহণ করেছে বলে যে ধারণা তৈরি হয়েছে, তা সঠিক নয়। বরং খসড়া চুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তেহরানের আপত্তি রয়েছে এবং সেসব বিষয় পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তি কাঠামোর একটি সংশোধিত সংস্করণ ইরানের কাছে পাঠিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, নতুন খসড়ায় আগের তুলনায় আরও কঠোর শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও চুক্তির চূড়ান্ত রূপ নিয়ে এখনো উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে। ফলে সমঝোতায় পৌঁছাতে আরও কয়েক দফা আলোচনা ও সংশোধনের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
