ইরানের রাডার ও ড্রোন স্থাপনায় মার্কিন হামলা

পাল্টা জবাবের ঘোষণা তেহরানের

বুধবার, জুন ৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে অবস্থিত রাডার এবং ড্রোন স্থাপনাগুলোতে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সোমবার এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, চলতি সপ্তাহের শেষ দিকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করাসহ ইরানের ধারাবাহিক ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ জবাবে এই হামলা চালানো হয়। অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি আত্মঘাতী ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনা ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য হুমকি তৈরি করছিল।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হরমুজগন প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার পর পাল্টা পদক্ষেপ নেয় ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির দাবি, হামলায় ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

তবে পাল্টা হামলায় কোন বিমানঘাঁটি লক্ষ্যবস্তু ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে কুয়েতে সম্ভাব্য হামলার আশঙ্কায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।