নিজ সংবাদ:
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন ছয়জন—এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকিরা পলাতক। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও মঈনুল করিম। আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
এর আগে ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ২১ থেকে ২৫ জানুয়ারি প্রসিকিউশনের যুক্তিতর্ক চলে। এ সময় বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজ প্রদর্শন করা হয়, যা ১৬ জুলাই হত্যাকাণ্ডের সময় ধারণ করা হয়েছিল। প্রসিকিউটর মিজানুল ইসলাম ভিডিওতে আসামিদের অবস্থান ও কার্যকলাপ শনাক্ত করে সবার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে। ৬ আগস্ট ফর্মাল চার্জ গঠন করা হয়। ৩০ জুন অভিযোগ আমলে নেওয়া হয়। ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পলাতক আসামিদের পক্ষে ২২ জুলাই স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করা হয়। এই মামলার রায়ের অপেক্ষায় দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।