নিজ সংবাদ:
প্রায় ১৩ কোটি ৫৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। অনুসন্ধানে শেখ সেলিমের নামে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. খাইরুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।
এছাড়া তার পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল সম্পদের সন্দেহে স্ত্রী ফাতেমা সেলিম, ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম এবং মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়াকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।