হাদি হত্যা মামলায় ভারতে আটক দুজনকে ফেরত চাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজ সংবাদ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতে গ্রেফতার দুই বাংলাদেশিকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফেরত চাওয়া হবে। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারতীয় পুলিশ হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করেছে বলে সরকার জেনেছে। এটি সত্য হলে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে ভারতের কাছে পর্যাপ্ত তথ্য চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, রবিবার (৮ মার্চ) কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আটকদের কনস্যুলার এক্সেসের জন্য আবেদন করেছেন। এক্সেস পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে। তবে কলকাতা থেকে এখনো কোনো সাড়া মেলেনি। কবে নাগাদ তাদের ফেরত আনা সম্ভব হবে—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এটি অন্য দেশের আইন-আদালতের বিষয়। ঘটনাটি সাম্প্রতিক হওয়ায় কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কনস্যুলার এক্সেস চাওয়া হয়েছে, নিয়ম-প্রক্রিয়া মেনে চলতে হবে। ভারত সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে এ বিষয়ে দ্রুত অগ্রগতি হবে বলে প্রত্যাশা করা যায়।